নারায়ণগঞ্জের পাগলা তালতলা এলাকার মাইসা ইন্টারন্যাশনাল মার্কেট দখলের অভিযোগে আলোচিত কাজী শামীম গংআদালতের রায় থাকার পরও “মাইসা ইন্টারন্যাশনাল” মার্কেট দখলের অভিযোগ উঠেছে কাজী শামীম গংয়ের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জের পাগলা তালতলা এলাকার “মাইসা ইন্টারন্যাশনাল” মার্কেটকে কেন্দ্র করে ফের দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আদালতের রায় ও প্রশাসনিকভাবে মার্কেট পুনরুদ্ধারের পরও পুনরায় দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র।
জানা যায়, ২০১০ সালে মার্কেটটির মালিক তার একমাত্র মেয়ে মাইসা তাসনিমের নামে মার্কেটের মালিকানা হস্তান্তর করেন। পরবর্তীতে মাইসা তাসনিম প্রবাসে অবস্থানকালে একটি প্রভাবশালী মহল সুযোগ নিয়ে মার্কেটটি দখল করে নেয় বলে অভিযোগ ওঠে।
এদিকে ২০১৫ সালেও মার্কেটের জমি ও বৈধ কাগজপত্র মাইসা তাসনিমের নামেই থাকা সত্ত্বেও দখলদারদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে বাধ্য হয় মালিকপক্ষ। পরে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ২০২০ সালে আদালতের রায়ে বিজয়ী হন মালিকপক্ষ ও মাইসা তাসনিম।
আদালতের রায়ের পর প্রশাসনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে “মাইসা ইন্টারন্যাশনাল” মার্কেট পুনরুদ্ধার করা হয়। এতে কিছুদিন স্বস্তিতে থাকলেও নতুন করে আবারও শুরু হয় দখলচেষ্টার অভিযোগ।
ভুক্তভোগীদের দাবি, মাইসা তাসনিমের মৃত্যুর সুযোগ নিয়ে ২০২৪ সালের আগস্টের পর পুনরায় সক্রিয় হয়ে ওঠে দখলদার চক্র। স্থানীয়ভাবে বিএনপির পরিচয়ে প্রভাব বিস্তারকারী কাজী শামীম গংয়ের বিরুদ্ধে মার্কেটটির দখল নেওয়ার অভিযোগ তুলেছেন তারা।
বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মার্কেটের মালিকপক্ষ। অভিযোগ রয়েছে, নানা জায়গায় ঘুরেও তারা পূর্ণাঙ্গ আইনি সহায়তা পাচ্ছেন না।
স্থানীয়দের আরও অভিযোগ, কাজী শামীম গংয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় “রোলিং মিল” দখলচেষ্টাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় আতঙ্ক ও দখলদারিত্বের সংস্কৃতি গড়ে তোলারও অভিযোগ তুলেছেন অনেকে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন— আদালতের রায় থাকার পরও যদি দখলদারিত্ব বন্ধ না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে ন্যায়বিচার?
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

By নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | Narayanganj Dairy নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার নির্ভরযোগ্য, দ্রুত ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *